Ridge Bangla

জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ প্রতিবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল হাইকোর্ট

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনবিষয়ক জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক রিপোর্ট’ হিসেবে স্বীকৃতি দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এই রায়ে জাতিসংঘের প্রতিবেদনকে জাতীয়ভাবে স্বীকৃত দলিল হিসেবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের সময়কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, এবার তারই বিস্তারিত পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলো। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের দায়ের করা রিটের রুল শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় প্রদান করেন।

পূর্ণাঙ্গ রায়ে জাতিসংঘের প্রতিবেদনকে ‘জুলাই বিপ্লব–২০২৪’ শিরোনামে সরকারি গেজেট হিসেবে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় আর্কাইভ, রাষ্ট্রীয় সংরক্ষণাগার এবং সরকারি পাবলিক লাইব্রেরিতে স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ দেন আদালত।

এ ছাড়া প্রতিবেদনটি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করে জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা, গবেষণা কার্যক্রমে ব্যবহারের সুযোগ তৈরি এবং আইনি প্রয়োজনে উন্মুক্ত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। হাইকোর্টের মতে, গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের সঠিক বিচার নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য সংরক্ষণে এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় দলিল হিসেবে ভূমিকা রাখবে।

This post was viewed: 41

আরো পড়ুন