Ridge Bangla

২০২৬ বিশ্বকাপে নাম লিখিয়ে ইতিহাস গড়ল দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও

উত্তর আমেরিকার ক্ষুদ্র দেশ কুরাসাও। যেটি মূলত ডাচ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র। জনসংখ্যা মাত্র ১,৫৬,১১৫ বা দেড় লাখের একটু উপরে। ঢাকা শহরের কোন এক এরিয়াতেই এর চেয়ে বেশি লোক বসবাস করে। এবার এই ক্ষুদে দেশটিই নতুন ইতিহাস গড়ে প্রথমবারের মতো পা রাখল বিশ্বকাপের মঞ্চে। কেপভার্দের পর বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে ৪৮ দলের বিশ্বকাপের মঞ্চে তাদেরকেও দেখা যাবে। সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে ফিফা বিশ্বকাপ-২০২৬ নিশ্চিত করেছে তারা।

অনেকেই হয়তো কুরাসাও এর নাম শুনেওনি বা তেমনভাবে কেউ চিনেও না। আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলে খানিকটা আলোয় আসে উত্তর আমেরিকার এই দেশটি। এবার এই অচেনা দেশটি নিজেরাই গড়ল নতুন এক ইতিহাস। জনসংখ্যার ভিত্তিতে দেশটি এখন সবচেয়ে ছোট দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

দেশটির অবস্থান মূলত ক্যারিবিয়ান সাগরে, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ঠিক উত্তরে অবস্থান কুরাসাওয়ের। ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকার কাছাকাছি হলেও খেলাধুলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করে কনক্যাকাফ অঞ্চলের দেশগুলোর সঙ্গে। দেশটি প্রধানত দুইটি দ্বীপ নিয়ে গঠিত; একটি হলো মূল কুরাসাও দ্বীপ, আর অন্যটি জনবসতিহীন ‘লিটল কুরাসাও’।

গত শুক্রবার রাতে হ্যামিল্টনে বারমুডাকে ৭-০ গোলে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপে এক পা দিয়েই রেখেছিল কুরাসাও। গতকাল কিংস্টনের ন্যাশনাল স্টেডিয়ামে কনকাকাফ বাছাইয়ের শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করেই প্রথমবারের মতো বিশ্বকাপে পৌঁছে যায় ১ লাখ ৫৬ হাজার এবং আয়তন মাত্র ৪৪৪ বর্গ কিলোমিটারের বা মাত্র ১৭১ বর্গমাইলের কনক্যাকাফ অঞ্চলের দেশটি। কনক্যাকাফ বাছাইয়ের শেষ ম্যাচে জামাইকার সঙ্গে গোলশূন্য ড্র নিশ্চিত করেই এই ইতিহাস গড়ে কুরাসাও।

পুরো বাছাইপর্বেই অপরাজিত ছিল দলটি। ছয় ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। দুই নম্বরে থাকা জ্যামাইকার পয়েন্ট ১১। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ–’বি’ এর শীর্ষে থেকে তারা পানামা ও হাইতির সঙ্গে পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ওয়ার্ল্ডোমিটারের জরিপে জনসংখ্যায় পৃথিবীতে ১৮৯তম এবং ১ লাখ ৫৬ হাজার ১১৫ জন অধিবাসীর দেশ কুরাসাও আইসল্যান্ডকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ল।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে ছোট জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড ছিল আইসল্যান্ডের।

This post was viewed: 89

আরো পড়ুন