রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিজমিক অবজারভেটরি এন্ড রিসার্চ সেন্টার থেকে পাঠানো বার্তায় এই ভূমিকম্প সংঘটনের সময় হিসেবে সকাল ১০টা ৩৮ মিনিটের কথা উল্লেখ করা হয়েছে। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানায়, ভূমিকম্পটির তীব্রতা তারা ৫ দশমিক ৫ হিসেবে রেকর্ড করেছে এবং এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। কম্পন তীব্র হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প শুরু হতেই রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় মানুষ ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেয়। ভবন দুলতে থাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তালতলার সরকারি কলোনির বাসিন্দা লাইলি বেগম জানান, দুই ছেলে ও পাঁচ মাস বয়সী মেয়েকে নিয়ে দ্রুত নিচে নেমে আসেন তিনি। সেখানে আশপাশের ভবন থেকেও অনেকে নিরাপদ স্থানে চলে যান।
যাত্রাবাড়ীর বাসিন্দা অনিক মৃধা বলেন, কম্পন টের পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার প্রায় সবাই ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে এবং নিরাপদ জায়গা খুঁজতে শুরু করে।
এদিকে একই দিনে পাকিস্তানেও ভূমিকম্প আঘাত হেনেছে। এনডিটিভির জাতীয় ভূকম্পন কেন্দ্র জানায়, শুক্রবার ভোরে দেশটিতে ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল ভূমির ১৩৫ কিলোমিটার গভীরে।