ব্রাজিলের বেলেম শহরে কপ-৩০ জলবায়ু সম্মেলন কেন্দ্রের সামনে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা উচ্ছ্বাস, সঙ্গীত আর স্লোগানের মাধ্যমে জলবায়ুর প্রভাব সংক্রান্ত বিষয়ে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
শনিবার (১৫ নভেম্বর) মিছিলে অংশগ্রহণকারীরা “ফ্রি দ্য আমাজন” স্লোগান দিতে দিতে সম্মেলনস্থলের দিকে অগ্রসর হন। তাদের বহন করা তিনটি বিশাল কফিনে লেখা ছিল- তেল, কয়লা ও গ্যাস, জীবাশ্ম জ্বালানি মৃত্যুর প্রতীক। স্থানীয় আদিবাসী গোষ্ঠীগুলো “The answer is us” লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্রচণ্ড গরমের মধ্যেও বিক্ষোভকারীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
২০২১ সালের পর এবারই প্রথম জাতিসংঘের জলবায়ু সম্মেলনের বাইরে প্রকাশ্যে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে। এর আগের তিনটি সম্মেলন এমন দেশে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে জনসমাবেশ ও প্রতিবাদ কঠোরভাবে সীমিত বা নিষিদ্ধ ছিল। বিক্ষোভকারীরা বলেন, বিশ্ব যখন জলবায়ু বিপর্যয়ের গভীরে ডুবে যাচ্ছে, তখন তাদের কণ্ঠস্বর সম্মেলন কক্ষে থাকা প্রতিনিধিদের জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করবে।