Ridge Bangla

সৌন্দর্যবর্ধনমূলক অস্ত্রোপচারের শারীরিক জটিলতায় হাসপাতালে শার্লিন চোপড়া

উগ্র পোশাক, খোলামেলা মতামত ও বিভিন্ন বিতর্কে নিয়মিত আলোচনায় থাকা বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া এবার শিরোনামে এসেছেন শারীরিক জটিলতার কারণে। সৌন্দর্যবর্ধনমূলক অস্ত্রোপচারের প্রভাবে তিনি গুরুতর ব্যথায় ভুগে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনডিটিভি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর আগে বক্ষস্থলের আকার বৃদ্ধি করতে অস্ত্রোপচার করিয়েছিলেন শার্লিন। সময়ের সঙ্গে সঙ্গে তার পিঠ, ঘাড় ও কাঁধে তীব্র ব্যথা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, শরীরে থাকা কৃত্রিম ইমপ্ল্যান্টের অতিরিক্ত ওজনই এই ব্যথার প্রধান কারণ। পরবর্তীতে অস্ত্রোপচারের মাধ্যমে ইমপ্ল্যান্ট অপসারণ করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইনস্টাগ্রামে এক পোস্টে অভিনেত্রী লেখেন, কৃত্রিম উপায়ে স্তন বৃদ্ধির ফলে তার শরীরের ঊর্ধ্বাংশে অস্বাভাবিক ওজনের চাপ তৈরি হয়েছিল। এ কারণে তিনি পিঠ, ঘাড়, বুক ও কাঁধে অসহনীয় ব্যথায় ভুগছিলেন। স্বাস্থ্যঝুঁকির বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তিনি দ্রুত ইমপ্ল্যান্ট অপসারণের সিদ্ধান্ত নেন। শার্লিন আরও জানান, শুধু ইমপ্ল্যান্ট নয়, মুখেও তিনি ফিলার ব্যবহার করেছিলেন। তবে নিজের স্বাভাবিক রূপে ফেরার ইচ্ছায় গত বছরের আগস্টেই মুখের সব ফিলার সরিয়ে ফেলেন। বর্তমানে ইমপ্ল্যান্ট অপসারণের পর তিনি অপেক্ষাকৃত স্বস্তিদায়ক জীবনযাপন করছেন এবং শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে।

This post was viewed: 34

আরো পড়ুন