Ridge Bangla

সিলেটে সরকারি অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিলেটে একটি সরকারি অ্যাম্বুলেন্স এবং একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাতের এ ঘটনায় দুটি গাড়িই পুড়ে গেছে। অ্যাম্বুলেন্সটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে, আর বাসটি কুমারগাঁও বাসস্ট্যান্ডে রাখা ছিল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার উত্তর ও মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে গেছে।

সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের জুনাইদ জানান, রাত ৩টা ১৫ মিনিটে শামসুদ্দিন হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুনের খবর আসে। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া বলেন, অ্যাম্বুলেন্সটি সচল অবস্থায় ছিল এবং সম্পূর্ণ পুড়ে গেছে। তবে বাসটি পরিত্যক্ত ছিল। আমরা বাসের গেটের তালা খুলে আগুন নিয়ন্ত্রণে এনেছি। উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

This post was viewed: 25

আরো পড়ুন