Skip to main content

Ridge Bangla

ঢুলিভিটা এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দাঁড়িয়ে থাকা ডি-লিংক পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনা রবিবার ১৬ নভেম্বর রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পল্লীবিদ্যুৎ অফিসের বিপরীত পাশে ঘটে। প্রায় ১৫-২০ মিনিটের মধ্যে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে বাসটি পার্কিং অবস্থায় রাখা ছিল। হঠাৎ তিনজন মোটরসাইকেল আরোহী বাসের কাছে এসে জানালা ভেঙে গান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আশপাশে থাকা লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিভিয়ে দেয়।

ডি-লিংক বাসের নৈশপ্রহরী ফারুক বলেন, মোটরসাইকেল নিয়ে আসা তারা প্রথমে ইট মেরে এরপর গান পাউডার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আমরা আগুন দেখে প্রথমেই নিয়ন্ত্রণ করি। পরে ফায়ার সার্ভিস এসে বিষয়টি সম্পূর্ণ শেষ করেছে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আগুন জোরপূর্বক লাগানো হয়েছে। ঘটনাস্থলে গান পাউডারের নমুনা পাওয়া গেছে। ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে ১০০ গজ দূরে পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়রা আগুন নেভায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।

This post was viewed: 67

আরো পড়ুন