Ridge Bangla

প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আশা পূরণ হয়নি: জামায়াতে ইসলামী

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভাষণে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, সংবিধান ও রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর উপস্থাপিত ৪৮টি প্রস্তাবে যে ঐকমত্য তৈরি হয়েছে, সেগুলো জাতীয় নির্বাচনের আগে জনগণের সামনে তুলে ধরা জরুরি। ভোটাররা এ বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়ার পরই গণভোটে মতামত দিতে পারবেন। কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন ভোটারদের জন্য বিভ্রান্তি এবং সংকট সৃষ্টি করবে।

তিনি বলেন, দেশের নির্বাচনী ইতিহাসে নানা কেন্দ্রে সহিংসতার কারণে ভোট স্থগিত হওয়া নতুন কিছু নয়। কোনো কেন্দ্রে জাতীয় নির্বাচনের ভোট বন্ধ হলে গণভোটের কী হবে- প্রধান উপদেষ্টার ঘোষণায় এ প্রশ্নের কোনো ব্যাখ্যা নেই। এতে নতুন জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

জামায়াত সেক্রেটারি জানান, চলমান রাজনৈতিক সংকট নিরসনে তারা ধারাবাহিকভাবে দাবি ও আন্দোলন করে আসছেন। কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয়নি। তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও নভেম্বরেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নে আট দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।

This post was viewed: 36

আরো পড়ুন