Ridge Bangla

জাতীয় নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে, আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন সময়মতো, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম স্থগিত থাকা এবং পরবর্তীতে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সংকট, অভিবাসন সমস্যা, বাণিজ্য সম্প্রসারণ, বিমান ও নৌ খাতে সহযোগিতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিপুলসংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোটাধিকারের সুযোগ পাবেন। তিনি মনে করিয়ে দেন, গত ১৬ বছরের স্বৈরতান্ত্রিক শাসনামলে ধারাবাহিক তিনটি ‘কাটাছেঁড়া’ নির্বাচনের কারণে অনেক তরুণ ভোট দিতে পারেননি। জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে উদ্ভূত ‘জুলাই সনদ’কে বাংলাদেশের নতুন সূচনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনতার আকাঙ্ক্ষার প্রতিফলনই এই সনদ।

ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার ও সংলাপের প্রশংসা করেন। তিনি জানান, যুক্তরাজ্যে অভিবাসীদের আশ্রয়ব্যবস্থার অপব্যবহার বাড়ছে এবং নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করা এখন জরুরি। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আরও বেশি বাংলাদেশিকে বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ নিতে উৎসাহ দিচ্ছে।

রোহিঙ্গা পরিস্থিতি, যুবকদের হতাশা এবং শিক্ষা কার্যক্রমের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের বাণিজ্য, বিমান যোগাযোগ ও সামুদ্রিক গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও বৈঠকে উল্লেখ করা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।

This post was viewed: 63

আরো পড়ুন