Ridge Bangla

হিমেল হাওয়ায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে

হিমালয় সংলগ্ন দেশের উত্তরের প্রবেশদ্বার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গত কয়েকদিন ধরে হিমেল হাওয়ার দাপটে তাপমাত্রা ১৬ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। উত্তরের শীতপ্রবাহে রাত থেকে সকাল পর্যন্ত উপজেলায় শীতের প্রকোপ অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগে বুধবার (১২ নভেম্বর) ১২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই অঞ্চলে হিমালয় সংলগ্ন অবস্থানের কারণে শীত অন্যান্য এলাকা থেকে আগে শুরু হয়। তাই তাপমাত্রা অনেক কম থাকে, বিশেষ করে রাত ও ভোরে।

স্থানীয়রা জানিয়েছেন, এখন সন্ধ্যা ও রাতেই বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রোদ পড়লে শীত কিছুটা কমে যায়। দিনের বেলা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক থাকে। কিন্তু হিমেল হাওয়ায় সন্ধ্যা থেকে আবার শীত অনুভূত হয়।

জিতেন্দ্র নাথ রায় জানান, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হিমেল বাতাসে রাতের তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

This post was viewed: 23

আরো পড়ুন