Ridge Bangla

জুলাই গণহত্যা মামলার রায় ১৭ নভেম্বর

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির রায় ঘোষণা আগামী ১৭ নভেম্বর (সোমবার) নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন ঠিক করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী। রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম. এইচ. তামিম ও ফারুক আহম্মদ উপস্থিত ছিলেন। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন আদালতে উপস্থিত থেকে শুনানি পরিচালনা করেন।

গত ২৩ অক্টোবর মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল আজকের দিনটিকে রায়ের জন্য নির্ধারণ করেছিল। সেদিন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শেখ হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ সাজা দাবি করেন। প্রসিকিউশন রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করে, আর ডিফেন্স পাল্টা বক্তব্য দেয়। এই মামলার তৃতীয় আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি পরবর্তীতে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। প্রসিকিউশন তার বিষয়ে সিদ্ধান্ত আদালতের ওপর ছেড়ে দেয়।

মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং শহীদ আবু সাঈদের পিতা-সহ মোট ৫৪ জন সাক্ষী। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর অংশের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার বিচার চলছে।

This post was viewed: 37

আরো পড়ুন