জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে দেশের আরও ৯টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক ও উপসচিব এস এম মেহেদী হাসানকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লক্ষ্মীপুরে।
এ ছাড়া পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সীগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনায় ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে দায়িত্ব দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক পদে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়িতে এবং রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রেজা হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।