Ridge Bangla

চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকার সড়কের ওপর জহিরকে আঘাত করে গুরুতর জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের মরদেহের পাশ থেকে গুলির খোসাও উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের দাবি, অতীতে জহির মাদক ব্যবসা ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। ধারণা করা হচ্ছে, এলাকার দীর্ঘদিনের প্রতিপক্ষরা আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়জুল আজীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তিনি বলেন, জহিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কোন উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে।

This post was viewed: 42

আরো পড়ুন