দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৯ জন, রাজশাহী বিভাগে ৪১ জন এবং অন্যান্য ৩ জন ভর্তি হয়েছেন।
গত একদিনে সারা দেশে ১ হাজার ১১৬ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর এ পর্যন্ত মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৭৯ হাজার ৭২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৩১৫ জন।
উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন, আর মারা যান ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে দেশে রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং প্রাণ হারান এক হাজার ৭০৫ জন।