Ridge Bangla

‘বিচার চাই’ থেকে ‘নিজেই বিচারক’, ভিড় হয়ে উঠছে বিচারালয়

বিচার চাই থেকে নিজেই বিচারক, ভিড়গুলো হয়ে ওঠছে এক একটি বিচারালয়। কখনো অপরাধী মনে করে, কখনো চোর সন্দেহে কিংবা কখনো প্রতিহিংসাপরায়ণ হয়ে মব সৃষ্টির মাধ্যমে হত্যা করা হচ্ছে মানুষ। এসবের মধ্যে পড়ে কখনো প্রাণ হারাচ্ছেন সাধারণ নিরপরাধ মানুষ।

দেশের প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা কিংবা সামাজিক অসচেতনতা, মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। যার ফলে রাস্তাঘাট কিংবা বাজার এলাকা এক একটি মবে’র স্থান হয়ে উঠছে এক একটি বিচারালয়।

এভাবেই দেশে ভয়াবহভাবে বেড়ে চলেছে নিজের হাতে আইন তুলে নেয়ার প্রবণতা। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাম্প্রতিক সময়ে প্রকাশ করা প্রতিবেদনে দেখা গেছে, মব বা ভিড় সৃষ্টি করে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে গণপিটুনির ঘটনা প্রায় দশগুণ বৃদ্ধি পেয়েছে।

এতে নিহতের সংখ্যা বেড়েছে ৫ গুণের বেশি। আর আহতের সংখ্যা বেড়েছে ৩৩ গুণ। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের (২০২৫) প্রথম ১০ মাসে ৩৫৬টি গণপিটুনির ঘটনা ঘটেছে। যেখানে প্রাণ হারিয়েছেন ১৩৭ জন এবং আহত হয়েছেন ৩৯০ জন। ২০২১ সালে এ সংখ্যা ছিল ৪৪টি ঘটনা ও ২৯ জন নিহত। ধারাবাহিকভাবে প্রতি বছর এ প্রবণতা বেড়েই চলেছে।

২০২৪ সালে মাসে গড়ে ১৪টি গণপিটুনির ঘটনা ঘটলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫টির বেশি। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে আগস্ট ও সেপ্টেম্বর মাসে। যেখানে ৪৭ জনের প্রাণহানি ঘটেছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক বলেন, গণপিটুনির এই উত্থান সমাজে আইন ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার প্রতিফলন।

তার মতে, মানুষ যখন মনে করে ন্যায়বিচার পাওয়া কঠিন, তখনই তারা আইন হাতে তুলে নেয়। যা সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। তিনি আরও বলেন, গণপিটুনি একটি দণ্ডনীয় অপরাধ। এতে মৃত্যু ঘটলে তা হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয়। তবে বিচারহীনতার কারণে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

This post was viewed: 42

আরো পড়ুন