Ridge Bangla

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকেই বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছেন। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানী ঢাকার ভেতর ও প্রবেশপথগুলোতে কড়া নজরদারি শুরু হয়েছে, যাতে কোনো ধরনের জমায়েত বা অরাজকতা না ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন দিনে ঢাকায় অন্তত ১৮টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু নাশকতা ঢাকার বাইরে থেকে পরিকল্পিতভাবে আনা হয়েছে। মোটরসাইকেল চড়ে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ ঠেকাতে টহল এবং চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। পুলিশের সাইবার ইউনিট সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব ও আতঙ্ক রোধে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে, যে কোনো ধরনের অরাজকতা ও নাশকতার জন্য কোনো ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি পুলিশ ও বিজিবির সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 41

আরো পড়ুন