কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে রাজধানীর উত্তরার ২১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত এই এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসাধারণের নিরাপত্তা পাহারা দেবে তারা।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে যুবদল, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবির নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা কার্যক্রম পরিচালনা করছেন।
মেহেদী হাসান রুয়েল গণমাধ্যমকে বলেন, আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উত্তরার গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিচ্ছি। অতীতের মতোই আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য রাজপথে থাকব। আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখা।
উত্তরা-পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয় বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। কিন্তু আওয়ামী লীগের কিছু চক্র মানুষের বিজয় মেনে নিচ্ছে না। তারা বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলা চালাতে চায়। আমরা তাদের চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেব না।