Ridge Bangla

সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

দেশে চলমান সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দপ্তর থেকে জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেশের সব বিমানবন্দরের কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জনস্বার্থে সবাইকে সচেতন থাকার পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে অগ্নিকাণ্ডের পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন নির্দেশনার মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম আরও সুসংগঠিত করা হবে।

চিঠিতে বলা হয়েছে, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি টহল বৃদ্ধি, মনিটরিং জোরদার করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রস্তুত থাকতে হবে। এছাড়া, বিমানবন্দরে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন, ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

This post was viewed: 29

আরো পড়ুন