Ridge Bangla

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন, সাময়িকভাবে বন্ধ ছিল ট্রেন চলাচল

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দুবলা এলাকায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) গভীর রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে নাশকতা ও অগ্নিসংযোগের ধারাবাহিকতার মধ্যেই এই ঘটনা ঘটল।

স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে কিছু দুর্বৃত্ত রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা ও বিজয় এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আধাঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর রাত সোয়া তিনটার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। সৌভাগ্যক্রমে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি এবং ট্রেন চলাচলও শিগগিরই স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, আগুন লাগানোর উদ্দেশ্য ছিল রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি ও আতঙ্ক ছড়ানো। তবে দুষ্কৃতকারীদের শনাক্তে আশপাশের এলাকায় অভিযান চলছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

উল্লেখ্য, লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পরিকল্পিত নাশকতা হিসেবে বিবেচিত হচ্ছে।

This post was viewed: 32

আরো পড়ুন