রাজধানীর পল্লবীতে গভীর রাতে পার্কিং অবস্থায় থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই ধরনের অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১২ নভেম্বর) দিনগত রাত ১২টা ১০ মিনিটের দিকে পল্লবীর সাগুপ্তা সড়কে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি পার্ক করা বাসে হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয়দের ফোন পেয়ে পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান গণমাধ্যমকে জানান, বাসে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাসটির সামনের অংশ আংশিক পুড়ে গেছে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেও কাজ চলছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কে বা কারা বাসের সামনের অংশে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসের মালিক ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত অগ্নিসংযোগ বলে ধারণা করা হচ্ছে।