Ridge Bangla

হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ২৮৫ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিন মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের আদেশ দেন।

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন মিটিংয়ে যোগ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলায় মোট ২৮৬ জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনাসহ ২৫৮ জন বর্তমানে পলাতক রয়েছেন।

সিআইডির সহকারী পুলিশ সুপার ও মামলার বাদী মো. এনামুল হক জানান, বর্তমানে ২৮ জন আসামি কারাগারে আছেন। এর মধ্যে সাবেক এমপি ও যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনা আখতার তুহিনও রয়েছেন।

মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অধ্যাপক তাহেরুজ্জামান, সাবেক এমপি সৈয়দা রুবিনা আখতার, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন এবং সাবেক এমপি পঙ্কজ নাথ।

অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’ শিরোনামে একটি ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে “গৃহযুদ্ধ” শুরু করার অঙ্গীকার করা হয়। সিআইডির তদন্তে জানা যায়, ওই বৈঠকে দেশ-বিদেশ থেকে ৫৭৭ জন অংশ নেন, যারা শেখ হাসিনার নির্দেশ মেনে চলার প্রতিশ্রুতি দেন। ২০২৫ সালের ২৭ মার্চ এ মামলাটি দায়ের করেন সিআইডির এএসপি এনামুল হক, যিনি পরবর্তীতে তদন্তের দায়িত্বও পান।

This post was viewed: 46

আরো পড়ুন