Ridge Bangla

রাজনীতিতে যোগদানের গুঞ্জন উড়িয়ে দিলেন তাহসান খান

সম্প্রতি সংগীত থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তার সেই বক্তব্য ঘিরে জল্পনা ছড়িয়ে পড়ে—তিনি নাকি ইসলামী রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। তবে এসব গুজবকে ভিত্তিহীন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি।

এক সাম্প্রতিক অনুষ্ঠানে তাহসান বলেন, “মেলবোর্ন কনসার্টে গান ছাড়ার কথা বলেছিলাম, তখন উপস্থিত মানুষ খুব কম ছিল। ভাবিনি, কথাটা এভাবে ভাইরাল হয়ে যাবে। অভিনয় থেকে যেমন ধীরে ধীরে বিরতি নিয়েছি, গান থেকেও কিছু সময়ের জন্য বিরতি নিতে চাই। কিন্তু সেটা স্থায়ী নয়।”

তিনি আরও বলেন, “আমি একটু ইমোশনাল মানুষ। কবির মতো হঠাৎ আবেগে কিছু বলে ফেলেছি। তারপর দেখি, আমার ছবিতে টুপি বসিয়ে রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে—আমি নাকি রাজনীতি করছি! এগুলো আসলে ‘পার্ট অব দ্য গেম’। কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় এমন কাজ করছে।”

তাহসান মনে করেন, এখন এমন সময় এসেছে যখন শিল্পীদের প্রতিটি শব্দ ভেবে বলতে হয়। “একটা ছোট মন্তব্য থেকেও বড় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে,” বলেন তিনি।

গান ছাড়ার সিদ্ধান্ত নিয়ে তিনি জানান, “প্রতিটি মানুষের জীবনে কিছু অধ্যায় থাকে। আমি এখন এমন এক পর্যায়ে আছি, যেখানে মনে হচ্ছে জীবন ও জগত সম্পর্কে আরও জানার আছে। তাই আপাতত পড়াশোনা ও আত্মোন্নয়নের দিকে মনোযোগ দিতে চাই।”

This post was viewed: 28

আরো পড়ুন