বলিউডের সুপারস্টার দীপিকা পাডুকোনের কণ্ঠস্বর এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন জীবন পেয়েছে। মেটা এআই-এর নতুন কণ্ঠ হিসেবে একাধিক দেশে যুক্ত হয়েছেন এই নায়িকা। সম্প্রতি সিএনবিসির গ্লোবাল লিডারশিপ সামিটে বক্তব্য রাখার সময় তিনি এই অনুভূতিকে রোমাঞ্চকর নতুন যাত্রা হিসেবে বর্ণনা করেন।
দীপিকা স্মৃতিচারণা করেন, তার কণ্ঠস্বর এক সময় ঠাট্টার শিকার হলেও আজ তা বিশ্বমঞ্চে উদযাপিত হচ্ছে। তিনি বলেন, “এই মুহূর্তে আমি মেটা এআই-এর কণ্ঠস্বর। বলিউডে পথচলার শুরুতে আমার উচ্চারণ ও কণ্ঠ নিয়ে অনেক উপহাস করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সব বদলেছে। আমাকে এই সব অর্জন করতে হয়েছে নীরবে লড়াই করে জিততে হয়েছে। তাই এটি আমার কাছে নতুন কিছু নয়।”
তিনি আরও জানান, “এআই মানুষের অনেক কিছুতে দক্ষ হলেও যা কখনো নিতে পারবে না, তা হলো মানুষের আবেগ ও অনুভূতি। এটাই এমন একটি দিক, যা শুধুমাত্র মানুষের কাছে আছে।”
দীপিকার বলিউডে অভিষেক ঘটে ২০০৭ সালে ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমা দিয়ে। অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি ইন্ডাস্ট্রিতে নিজেকে শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন। প্রায় দেড় দশকের ক্যারিয়ারে দীপিকা এখন প্রায় ৫০০ কোটিরও বেশি রূপির মালিক।