Ridge Bangla

আসন্ন আমন মৌসুমে ৩৪ টাকায় ধান ও ৫০ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার প্রতি কেজি আমন ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা, আর সেদ্ধ চাল কেনা হবে ৫০ টাকায়। পাশাপাশি, আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ৪৯ টাকা।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সংবাদমাধ্যমকে এ বিষয়টি জানান।

তিনি বলেন, “আগামী ২০ নভেম্বর থেকে সারাদেশে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কৃষকের স্বার্থ বিবেচনায় রেখে দাম নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করছি, এবারও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সংগ্রহ সম্ভব হবে।”

খাদ্য উপদেষ্টা আরও বলেন, “গত বছর বোরো মৌসুমেও আমরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সংগ্রহ করতে পেরেছিলাম। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারব বলে আমরা আশাবাদী।”

উল্লেখ্য, ২০২৪ সালে সরকার বাজার থেকে প্রতি কেজি সেদ্ধ চাল ৪৭ টাকা, আতপ চাল ৪৬ টাকা এবং ধান ৩৩ টাকা দরে ক্রয় করেছিল। এবারের সিদ্ধান্ত অনুযায়ী, সব ধরনের চাল ও ধানের দাম আগের বছরের তুলনায় বেড়েছে।

This post was viewed: 29

আরো পড়ুন