Ridge Bangla

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি আগ্রাসন, নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়াল

গাজায় ইসরায়েলি আগ্রাসন থামছে না। চলমান যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (৮ নভেম্বর) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ৬৯ হাজার ১৬৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

মন্ত্রণালয় জানায়, ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে মরদেহ উদ্ধার এবং পূর্বে অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্তের ফলে নিহতের সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে হাসপাতালগুলোতে এখনও প্রতিদিন নতুন মরদেহ ও আহত ব্যক্তিদের আনা হচ্ছে।

আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মৃতদেহ বিনিময় কার্যক্রম চলছে। শনিবার ইসরায়েল ১৫ ফিলিস্তিনির মরদেহ গাজার একটি হাসপাতালে হস্তান্তর করেছে, এর আগের দিন হামাস এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেয়।

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল সীমিত পরিসরে হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতির পর থেকে ২৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত তিন দিনে উদ্ধার হওয়া নয়টি মরদেহ এবং সাম্প্রতিক এক হামলায় নিহত ব্যক্তিসহ ১০টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে; আহত হয়েছেন আরও ছয়জন।

এদিকে, প্রায় এক মাসের যুদ্ধবিরতির পরও গাজা রয়ে গেছে ধ্বংসস্তূপে পরিণত অবস্থায়। অবরোধ, জ্বালানি সংকট ও সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীদের কাজ ব্যাহত হচ্ছে। বহু ফিলিস্তিনি এখনও নিখোঁজ।

This post was viewed: 31

আরো পড়ুন