ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুলের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট স্থাপনায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো। তবে আদেশে ছুটি বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
সংস্থাটির সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, চলমান রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে জুলাইয়ের গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি ও আসন্ন ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা দেখা দিতে পারে বলে সংস্থাটি সতর্ক অবস্থান নিয়েছে।
সূত্র আরও জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ওই দিন ঢাকায় “লকডাউন” কর্মসূচির আহ্বান জানিয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রচার চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকেও ডিএমটিসিএলকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভাব্য নাশকতা বা অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় নজরদারি জোরদার এবং কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।