বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। আজ (সোমবার, ১০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না। এটি খোলামেলা আলোচনা সভা। তবে বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
যদিও বৈঠকের সুনির্দিষ্ট বিষয় প্রকাশ করা হয়নি, তবে বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য জানান, ‘জরুরি’ কোনো বিষয়ে আলাপের প্রয়োজনেই এই বৈঠক ডাকা হয়েছে। বিশেষভাবে আলোচিত বিষয় হতে পারে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন, জুলাই সনদ এবং গণভোট সংক্রান্ত মতভেদের সমাধান, পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের প্রদত্ত সময়সীমা ও দলের অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের অভ্যন্তরীণ কার্যক্রমে সামঞ্জস্য স্থাপন এবং নীতি-নৈতিকতার উপর ঐকমত্য তৈরি করতেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যক্রমে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।