Ridge Bangla

রাজধানীতে এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ছিল আ. লীগের

রাজধানীতে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে রাজনৈতিক বার্তা প্রদর্শনের পরিকল্পনা করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা- এমন তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৯ নভেম্বর) বিকেলে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, আগামী ১০ থেকে ১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাসহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগানযুক্ত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছিলেন।

ডিবির নয়টি বিভাগের যৌথ অভিযানে মিরপুর থেকে তিনজন, রমনা থেকে তিনজন, মতিঝিল থেকে চারজন, ওয়ারী থেকে পাঁচজন, তেজগাঁও ও উত্তরা থেকে চারজন, লালবাগ থেকে তিনজন এবং গুলশান বিভাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান ব্যাপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রায়হান খান আজাদ, সাবেক আওয়ামী লীগ নেতা এ বি এম নুরুল হক ছোটন চৌধুরী, গিয়াস উদ্দিন খোকনসহ আরও অনেকে।

This post was viewed: 33

আরো পড়ুন