Ridge Bangla

ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন এবং বেশ কয়েকটি দোকানপাট ও মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল কর্মীর নাম তানজিন আহমেদ মিঠু। তিনি গৌরীপুর উপজেলা ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেন ও মনোনয়ন বঞ্চিত তায়েবুর রহমান হিরন গ্রুপের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মিঠু। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এদিকে সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, ঘটনার খবর পেয়েছি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত নয়। চিকিৎসকদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

This post was viewed: 31

আরো পড়ুন