রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় গভীর রাতে এক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ ইসলাম জানান, রাত ১২টা ৫০ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। তবে কেউ হতাহত হয়নি।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গ্যারেজে থাকা একটি পিকআপ, একটি অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেটকার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার কিছু পর হঠাৎ বিকট শব্দে আশপাশের লোকজন বেরিয়ে আসে। এরপরই গ্যারেজ থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায় এবং মুহূর্তেই চারদিকে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।
গ্যারেজ মালিকের দাবি, একটি মোটরসাইকেলে তিনজন অজ্ঞাত ব্যক্তি এসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন লাগার পর একটি গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা মো. জামাল জানান, বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি আগুনে পুরো গ্যারেজ জ্বলছে। আমরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও লাভ হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।