Ridge Bangla

জাতীয় নির্বাচনের আগে ইসির আরো ২৩ কর্মকর্তার বদলি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলা পর্যায়ের মোট ২৩ জন কর্মকর্তাকে বদলি করেছে সংস্থাটি।

শনিবার (৮ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দুইজন নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইসির সূত্র জানায়, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের সক্ষমতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কর্মকর্তাদের এই রদবদল করা হয়েছে।

এর আগে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে শতাধিক কর্মকর্তা বদলি করেছে নির্বাচন কমিশন। ইসির মতে, মাঠপর্যায়ের এসব পরিবর্তনের লক্ষ্য হচ্ছে প্রশাসনিক ভারসাম্য রক্ষা, অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগ ও নির্বাচনি কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তারা নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলায় দ্রুত যোগদান করবেন এবং সেখানে নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতিমূলক কাজ শুরু করবেন। নির্বাচন কমিশন মনে করছে, আসন্ন নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের জন্য এ ধরনের পদক্ষেপ অপরিহার্য।

This post was viewed: 38

আরো পড়ুন