দেশের ১৫টি জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে ব্যাপক রদবদল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফিনকে হবিগঞ্জে এবং ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুরে বদলি করা হয়েছে। এছাড়া বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ হয়েছেন বরগুনার নতুন ডিসি। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম নিয়োগ পেয়েছেন সিরাজগঞ্জে, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে পাঠানো হয়েছে মাগুরায়, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে দায়িত্ব দেওয়া হয়েছে পিরোজপুরে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতারকে সাতক্ষীরায়, স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাটে নতুন জেলা প্রশাসক করা হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেন হচ্ছেন কুষ্টিয়ার নতুন ডিসি এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে ভোলার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।