Skip to main content

Ridge Bangla

পুরান ঢাকার সংকট-সমৃদ্ধির গল্প নিয়ে আসছে ধারাবাহিক নাটক ‘মহল্লা’

পুরান ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের টানাপোড়েনের গল্প নিয়ে বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক মহল্লা। গতকাল (১ নভেম্বর) থেকে প্রচার শুরু হওয়া এই নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা ফরিদুল হাসান। প্রতি সপ্তাহের শনিবার, রোববার ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে সম্প্রচারিত হবে নাটকটি।

পুরান ঢাকার রূপ, রুচি ও জীবনধারা সময়ের সঙ্গে বদলে গেলেও এখনও টিকে আছে তার শত বছরের ঐতিহ্য। তবে এই এলাকাজুড়ে স্থানীয়দের পাশাপাশি নানা পেশার বহিরাগতদের আগমন একদিকে যেমন পুরান ঢাকাকে বহুমাত্রিক করেছে, অন্যদিকে সৃষ্টি করেছে পরিচয় ও অস্তিত্ব সংকট। সেই বাস্তবতার প্রতিচ্ছবি নিয়েই নির্মিত হয়েছে মহল্লা

নির্মাতা ফরিদুল হাসান বলেন, “এটি একটি মহল্লার ভালো-মন্দ, সুখ-দুঃখের গল্প। রাজধানীর ব্যস্ত জীবনে মহল্লাভিত্তিক নানা ঘটনা আমরা প্রায়ই দেখি। সেই গল্পগুলোই হাস্যরসের মাধ্যমে পর্দায় তুলে ধরেছি।”

নাটকটিতে রয়েছে একটি আইটেম গান ‘তানপুরা’। গানটি গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন, যিনি নিজেই এর সুর ও সংগীতায়োজন করেছেন। কথাগুলো লিখেছেন বিদ্যুৎ রায়। গানটির কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু, আর এতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা।

মহল্লা’য় অভিনয় করেছেন যাহের আলভী, ইফফাত আরা তিথি, আবদুল্লাহ রানা, রকি খান, মাসুদ মহিউদ্দিন, রেশমি আহমেদ, সহীদ উন নবী, তন্ময় সোহেল, সিয়াম মৃধা, আশরাফুল আলম সোহাগ, তানভীর রাহী, সাবা সুস্মিতা, অনন্যা ইসলাম, ইমরান হোসেন আজান, ওয়াহিদ ইকবাল মার্শাল, উপমা আহমেদ, আয়েশা নাফিসা ও অনুভব মাহবুবসহ আরও অনেকে।

পুরান ঢাকার ঐতিহ্য, ভাষা, হাস্যরস ও মানবিক টানাপোড়েনের সংমিশ্রণে মহল্লা হয়ে উঠতে পারে চলতি সময়ের অন্যতম আলোচিত ধারাবাহিক নাটক।

This post was viewed: 51

আরো পড়ুন