বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এখন ‘অন্ধকারে’ নিমজ্জিত। ট্রাম্প প্রশাসনকে তিনি আখ্যায়িত করেছেন ‘আইন-শৃঙ্খলা ও বিবেচনা-শূন্যতা’র প্রতীক হিসেবে। খবর সামা টিভির।
ডেমোক্র্যাট দলের হয়ে নির্বাচনী র্যালিতে অংশ নিয়ে ওবামা বলেন, “সত্যি বলতে, আমাদের দেশ এবং নীতি বর্তমানে এক অন্ধকার জায়গায় অবস্থান করছে। এই হোয়াইট হাউস প্রতিদিন নতুনভাবে আইন-শৃঙ্খলা-হীনতা, বিবেচনাহীনতা, কুচিন্তা এবং নিছক পাগলামি প্রদর্শন করছে।”
তিনি এই বক্তব্য দেন নরফোকের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে উচ্ছ্বসিত জনতার উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময়। বক্তৃতায় ওবামা বিশেষভাবে ট্রাম্পের অর্থনৈতিক নীতি, শুল্কনীতি, এবং বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের কৌশলকে ‘বিশৃঙ্খল’ ও ‘ভুলপথের’ বলে অভিহিত করেন।
হোয়াইট হাউসের পরিবেশকে হ্যালোইনের সঙ্গে তুলনা করে ওবামা বলেন, “এখানে যেন প্রতিদিনই হ্যালোইন — তবে সবই ধোঁকা, কোনো আনন্দ নেই।”
ট্রাম্পের কার্যকলাপ নিয়ে ব্যঙ্গ করে তিনি আরও বলেন, “তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব মনোযোগী — যেমন রোজ গার্ডেনের মাটি যাতে জুতো ময়লা না করে এবং ৩০ মিলিয়ন ডলারের বলরুম তৈরি করা।”
সমাপনী বক্তব্যে ওবামা যুক্তরাষ্ট্রের ভোটারদের উদ্দেশে আহ্বান জানান, “সত্য, সহানুভূতি এবং গণতন্ত্রের পক্ষে দাঁড়ান।”