Skip to main content

Ridge Bangla

সুরের মূর্ছনায় আনিসার সফল যুক্তরাষ্ট্র সফর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী আতিয়া আনিসা সম্প্রতি প্রথম যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। সেখানে একাধিক অঙ্গরাজ্যে ধারাবাহিকভাবে স্টেজ শোতে গান পরিবেশন করে শ্রোতা-দর্শকের হৃদয় জয় করেছেন তিনি। প্রতিটি অনুষ্ঠানে আনিসার সঙ্গে ছিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর, যার উপস্থিতি আনিসার মতে, পুরো সফরটিকে আরও স্বাচ্ছন্দ্য ও আনন্দময় করে তুলেছে।

দেশে ফিরে আনিসা জানান, যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা তার জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে। তিনি বলেন, “জীবনে কখনো এতদিন দেশের বাইরে, তা-ও আবার পরিবার ছেড়ে থাকিনি। কিন্তু গানই আমাকে সাহস জুগিয়েছে। যুক্তরাষ্ট্রে প্রতিটি স্টেজে দর্শকের যে ভালোবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”

তিনি আরও বলেন, “আসিফ ভাই ছিলেন বলেই সবকিছু এত সহজ হয়েছে। তিনি শুধু কিংবদন্তি গায়কই নন, একজন অসাধারণ মানুষ। তার মতো সহযাত্রী পাওয়া আমার জন্য সৌভাগ্যের।”

এই সফরে আনিসার সঙ্গে থাকা আয়োজক সাগর ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার ভাষায়, “সাগর ভাইয়ের সহায়তায় পি-থ্রি ভিসা পেয়ে যুক্তরাষ্ট্র সফরে অংশ নিতে পেরেছি। এটি আমার ক্যারিয়ারের বড় অর্জন।”

দেশে ফিরেই আনিসা নতুন ব্যস্ততায় ফিরেছেন। ২২ নভেম্বর চট্টগ্রামে একটি বড় মঞ্চে গান পরিবেশনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এছাড়া নভেম্বরের প্রথম সপ্তাহে আরও একটি শো এবং কয়েকটি আধুনিক ও নাটকের গানে কণ্ঠ দেওয়ার পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

This post was viewed: 46

আরো পড়ুন