Ridge Bangla

বিমানবন্দরে যাত্রীর পাকস্থলী থেকে ৬ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলী থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অভিযুক্ত মো. পান্নু হাওলাদার (৩০) কক্সবাজার থেকে ঢাকায় আসেন অভ্যন্তরীণ একটি ফ্লাইটে।

এপিবিএন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার (১ নভেম্বর) রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, পাকস্থলীর ভেতরে ইয়াবা বহন করছেন।

পরবর্তীতে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় পাকস্থলীতে একাধিক ডিম্বাকৃতির বস্তু শনাক্ত হয়। এরপর চিকিৎসকের তত্ত্বাবধানে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে স্কচটেপ মোড়ানো ১৩৬টি পোটলা থেকে ৬ হাজার ৩৭৮টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ঘটনার পর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

This post was viewed: 55

আরো পড়ুন