Ridge Bangla

মুক্তি পেল জুবিন গার্গের শেষ ছবি ‘রই রই বিনালে’

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও অভিনেতা জুবিন গার্গের শেষ সিনেমা ‘রই রই বিনালে’ অবশেষে মুক্তি পেয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় অসমিয়ার এই ছবি, যা এখন দর্শকের আবেগে ভাসছে। মাত্র ৫২ বছর বয়সে গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী।

সংগীত, সুর ও শিল্পের সীমানা পেরিয়ে জুবিন গার্গ হয়ে উঠেছিলেন ভারতের এক সাংস্কৃতিক প্রতীক। তার মৃত্যুর পরও ভক্তদের মন ভরিয়ে দিল তার শেষ সৃষ্টি। কাকতালীয়ভাবে এই সিনেমাটি মুক্তি পেয়েছে সেই দিনেই, যেদিন এটি মুক্তির পরিকল্পনা করেছিলেন জুবিন নিজেই।

আসামজুড়ে সিনেমা হলগুলোতে ভিড় জমেছে দর্শকের। প্রিয় শিল্পীকে পর্দায় আবার দেখতে পেয়ে অনেকেই আবেগে কেঁদে ফেলেছেন। টিকিট বিক্রির প্রথম দিনেই সব স্লট শেষ হয়ে যায়। হলগুলোর সামনে ছিল লম্বা লাইন ও উৎসবমুখর পরিবেশ।

তবে ছবির মুক্তিকে ঘিরে কিছু বিতর্কও তৈরি হয়েছে। আসামের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে হঠাৎ টিকিটের দাম বেড়ে যাওয়ায় দর্শকদের ক্ষোভ ছড়িয়েছে। অনেকে অভিযোগ করেছেন, আয়োজকেরা জুবিনের মৃত্যুর আবেগকে কাজে লাগাচ্ছেন। আয়োজকেরা অবশ্য যুক্তি দিয়েছেন, বিপুল দর্শক উপস্থিতি সামলাতে অতিরিক্ত নিরাপত্তা ও প্রযুক্তি খরচ হয়েছে। তবে সাধারণ দর্শকের কাছে এই ব্যাখ্যা খুব একটা গ্রহণযোগ্য হয়নি।

অসম ছাড়িয়ে সারাদেশে প্রিয় হয়ে ওঠা জুবিন গার্গ বলিউডে খ্যাতি পান ‘ইয়া আলি’ (গ্যাংস্টার, ২০০৬) গানের মাধ্যমে। চল্লিশেরও বেশি ভাষায় গান গাওয়া এই শিল্পী বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি ও নেপালিসহ বহু ভাষায় গান পরিবেশন করেছেন। তার সুর করা ইকোজ অব সাইলেন্স চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

This post was viewed: 29

আরো পড়ুন