Ridge Bangla

পদ্মার চরে কাঁকন বাহিনীর গুলিতে নিহত ২ জন

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে খড় কাটার সময় কাঁকন বাহিনীর এলোপাথাড়ি গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় চরাঞ্চলের জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরেই চলা উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন খানপুর গ্রামের আমান (৩৬) ও নাজমুল ইসলাম (২৬)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন মুনতাজ মন্ডল (৩২) ও রাকিব হোসেন (১৮)।

স্থানীয়রা জানান, চরাঞ্চলের জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। দুপুরে নিচ খানপুর গ্রামের লোকজন চর এলাকায় খড় কাটার সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাঁকন বাহিনীর’ সশস্ত্র সদস্যরা তাদের ওপর হঠাৎ হামলা চালায়। তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মুনতাজের পক্ষের লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।

ঘটনার পর চারজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নাজমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নীহার চন্দ্র মণ্ডল জানান, মুনতাজের শরীরের বিভিন্ন স্থানে শতাধিক রাবার বুলেট ও রাকিবের শরীরে ৮০টির মতো বুলেটের চিহ্ন পাওয়া গেছে। নাজমুল ও আমানের শরীরে মাথাসহ অন্তত পাঁচটি স্থানে গুলির চিহ্ন আছে। স্থানীয়রা এই হামলার সঙ্গে জমি দখল নিয়ে পূর্ববর্তী বিরোধকেই দায়ী করেছেন। পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।

This post was viewed: 36

আরো পড়ুন