ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকা পর্যন্ত দেশটিতে কোনোভাবেই পারফর্ম করবেন না বলে জানিয়েছেন ব্রিটিশ জনপ্রিয় ব্যান্ড রেডিওহেডের ভোকালিস্ট থম ইয়র্ক। সম্প্রতি দ্য সানডে টাইমস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, “নেতানিয়াহু সরকারের ৫ হাজার মাইলের ধারেকাছেও যেতে চাই না।”
ইসরায়েলে সংগীত পরিবেশনের পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে থম ইয়র্ক বলেন, একেবারেই নয়। যতদিন নেতানিয়াহু ক্ষমতায়, ততদিন রেডিওহেডের কোনো সদস্য ইসরায়েলের দিকে ফিরেও তাকাবে না।
যদিও ২০১৭ সালে ইসরায়েলবিরোধী আন্দোলনের মধ্যেই তেল আবিবে কনসার্ট করেছিল রেডিওহেড, যা নিয়ে তীব্র সমালোচনায় পড়েছিল ব্যান্ডটি। এবার থম ইয়র্ক সেই সিদ্ধান্তের জন্য আক্ষেপ প্রকাশ করে বলেন, “তখন এক প্রভাবশালী ইসরায়েলি নাগরিক হোটেলে এসে আমাদের ধন্যবাদ জানিয়েছিল। সেই মুহূর্তে আমি সম্পূর্ণ হতবাক হয়ে যাই।”
থম ইয়র্কের এই মন্তব্য আসে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রস্তাবের কিছুদিন আগে। এদিকে, দীর্ঘ সাত বছর পর নতুন কনসার্ট ট্যুরে ফিরছে রেডিওহেড। আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া এই ইউরোপ ট্যুরে তারা পাঁচটি শহরে ২০টি কনসার্টে অংশ নেবে।
১৯৮৫ সালে যাত্রা শুরু করা রেডিওহেড অল্টারনেটিভ রক ঘরানার অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচিত। তাদের প্রথম অ্যালবাম ‘পাবলো হানি’-এর গান ‘ক্রিপ’ এখনো বিশ্বজুড়ে জনপ্রিয়। পরবর্তী অ্যালবাম ‘ওকে কম্পিউটার’ ও ‘কিড আ’ যুক্তরাজ্যের শীর্ষ তালিকায় স্থান পেয়ে রক ইতিহাসে স্থায়ী আসন পায় ব্যান্ডটি।