Ridge Bangla

আজ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সঞ্চালন লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাজধানীসহ দেশের একাধিক এলাকায় টানা ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (২৮ অক্টোবর) তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত এই কাজ চলবে। এ সময় হরিপুর ভালভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কার্যক্রম পরিচালিত হবে। ফলে এই সময়ে ইজিসিবি ৪১২ মেগাওয়াট, ৩৩৫ মেগাওয়াট এবং ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লিমিটেডসহ একাধিক শিল্প ও বিদ্যুৎ স্থাপনায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর বিসিক এলাকা ও এর আশপাশের সব অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরবর্তী নারায়ণগঞ্জের সব শ্রেণির গ্রাহক—গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রেও গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

তিতাস গ্যাস আরও জানিয়েছে, এসব এলাকার আশপাশে গ্যাসের চাপ কমে যেতে পারে এবং সরবরাহ পুনরায় চালুর পর সাময়িকভাবে লাইন বাতাসে ভর্তি হতে পারে। সংস্থা কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং এই সময়ে বিকল্প জ্বালানির ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

This post was viewed: 52

আরো পড়ুন