প্রশান্ত মহাসাগরে মাদকবাহী সন্দেহে চারটি নৌকায় হামলা করেছে মার্কিন বিমান বাহিনী। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, হামলায় একজন বেঁচে গেছেন, যাকে মেক্সিকোর উদ্ধারকর্মীরা উদ্ধার করেছেন।
হেগসেথ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমবার এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছে, নৌযানগুলো “পরিচিত মাদক পাচারপথে চলছিল এবং মাদক বহন করছিল।” এটি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী অভিযানের আরেকটি ধাপ। এর আগেও প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে একাধিক হামলার ঘটনা ঘটিয়েছে দেশটি। এখন পর্যন্ত এসব হামলায় মোট ৫৭ জন নিহত হয়েছেন। লাগাতার এই হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে কলম্বিয়া ও ভেনেজুয়েলার সম্পর্ককে উত্তপ্ত করে তুলেছে।
এক বিবৃতিতে হেগসেথ বলেন, প্রথম হামলায় আটজন, দ্বিতীয় ও তৃতীয় হামলায় সাতজন নিহত হয়। হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নৌযানগুলোতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে।
এই অভিযানকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম নিয়েছে। অনেক বিশেষজ্ঞ ও মার্কিন কংগ্রেস সদস্য প্রশ্ন তুলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই হামলার আইনি ক্ষমতা আদৌ বৈধ কি না। হেগসেথ সামাজিক মাধ্যমে লিখেছেন, “দুই দশক ধরে আমরা অন্য দেশের নিরাপত্তা রক্ষা করেছি—এবার নিজেদের ভূখণ্ডের সুরক্ষায় লড়ছি।”