Skip to main content

Ridge Bangla

পুত্রসন্তানের জনক হলেন নগরবাউল জেমস

দীর্ঘ এক দশক পর আবারও বাবা হওয়ার আনন্দে ভাসছেন বাংলাদেশের রকস্টার নগরবাউল জেমস। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে তাঁর তৃতীয় স্ত্রী, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে জিবরান আনাম।

নতুন অধ্যায়ের এই সূচনাকে জীবনের মোড় পরিবর্তনের মুহূর্ত হিসেবে দেখছেন জেমস। এক আলাপে তিনি বলেন, “হতে পারে এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। এ অনুভূতি অসাধারণ, ভাষায় প্রকাশ করা কঠিন। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই জিবরান ও তার মায়ের জন্য দোয়া রাখবেন।”

জেমস জানান, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক ঘরোয়া অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে প্রথম পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় যোগাযোগ, যা পরিণত হয় ভালোবাসায়। এক বছর প্রেমের পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পারিবারিক পরিসরে বিয়ে করেন তারা। বিয়ের পর নামিয়া তাঁর নামের সঙ্গে ‘আনাম’ যুক্ত করেন।

চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোররাত সাড়ে তিনটায় জন্ম নেয় তাঁদের পুত্র জিবরান। নামের অর্থ ‘পুনরুদ্ধার করা’ বা ‘শক্তিশালী করা’, যা জেমসের জীবনের নতুন সূচনাকে প্রতিফলিত করে।

এর আগে দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই সংগীত তারকা। প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী কানিজ রাবেয়া রথি, যাঁর সঙ্গে ২০০৩ সালে বিচ্ছেদ হয়। দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদ ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী; তাঁদের সংসারে রয়েছে এক কন্যাসন্তান।

ব্যক্তিজীবনের নানা উত্থান–পতনের পর পুত্র জিবরানের জন্মকে জেমস দেখছেন এক নতুন আশার আলো হিসেবে। “এই সন্তান আমাকে আবার জীবনের কাছে ফিরিয়ে দিয়েছে,” বলেন নগরবাউল জেমস।

This post was viewed: 81

আরো পড়ুন