Skip to main content

Ridge Bangla

সমালোচনা শিখিয়েছে নতুন কিছু করার: নায়িকা দীঘি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি শৈশব থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশের পর নায়িকা হিসেবে সফলতা অর্জন করেছেন। তবে সমালোচনা থেকেও মুক্ত হননি তিনি। বর্তমানে দীঘির মনোযোগ পুরোপুরি কাজ ও নতুন কিছু করার দিকে।

গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল দীঘি অভিনীত সিনেমা ‘জংলি’, যা দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়িয়েছে। এরপরই নতুন প্রজেক্টের খবরে ফের আলোচনায় আসেন তিনি। বর্তমানে তার নতুন সিনেমা ‘বিদায়’-এর শুটিং চলছে, যেখানে সহশিল্পী হিসেবে আছেন বাপ্পারাজ। শুটিং চলছে সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে, যা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। পরবর্তী পর্যায়ে সিনেমার কিছু অংশ ধারণ করা হবে মধ্যপ্রাচ্যের একটি দেশে।

দীঘি সংবাদমাধ্যমকে জানান, নায়িকা জীবনে সমালোচনা থাকবেই, তবে এখন আর তা নিয়ে কষ্ট পান না। তার কথায়, “প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে প্রধান। চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। আগে সমালোচনায় কষ্ট পেতাম, এখন বুঝি অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়। কে ভালো চান আর কে খারাপ চান, এখন সেটা বুঝে ফেলেছি। আমার ভুল ধরার কেউ থাকলে তিনি আমার বাবা, তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।”

দীঘি আরও বলেন, এক সময়ে বডি শেমিংয়ের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অসুস্থতার কারণে ওজন বেড়ে গেলে মানুষ নানা কথা বলত। স্টেরয়েডের ওষুধে শরীর ফুলে যেত। কিন্তু পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে তিনি পুনরায় ঘুরে দাঁড়িয়েছেন এবং এখন দৃঢ় ও আত্মবিশ্বাসী।

This post was viewed: 73

আরো পড়ুন