Ridge Bangla

নাইজেরিয়ায় পেট্রোলবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ৩৫জন

নাইজেরিয়ায় ভয়াবহ পেট্রোলবাহী ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামের কাচা-আগাই সড়কে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) কর্মকর্তারা জানান, ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে বিপুল পরিমাণ পেট্রোল ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দারা পাত্র ভর্তি করে তেল সংগ্রহ করতে শুরু করেন। চালক ও নিরাপত্তাকর্মীরা বারবার সতর্ক করলেও কেউ সরে যাননি। হঠাৎ করেই ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই বহু লোক দগ্ধ হয়ে মারা যান।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাংকার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও বলেন, “বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাংকার থেকে তেল তুলছিলেন। অনেকে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”

এফআরএসসি নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানিয়েছেন, বিস্ফোরণের পর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে কাজ করছে। স্থানীয় হাসপাতালগুলোতে দগ্ধদের চিকিৎসা চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নাইজেরিয়ায় ট্যাংকার দুর্ঘটনার পর স্থানীয়দের তেল সংগ্রহে ঝুঁকে পড়া একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা প্রায়ই ভয়াবহ বিপর্যয়ে রূপ নেয়। এবারও সেই অসচেতনতার কারণেই প্রাণহানি ঘটল কয়েক ডজন মানুষের।

This post was viewed: 54

আরো পড়ুন