Ridge Bangla

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১ জন

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাতের ঘটনায় আহত অবস্থায় জাহিদকে হাসপাতালে আনা হয়, তবে তার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে বাঁচানো যায়নি।”

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. আতিকুর রহমান জুয়েল জানান, “ভোরে খবর পাই জেনেভা ক্যাম্পে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি তখন শান্ত হয়ে যায়।” তিনি আরও বলেন, শুরুতে আহতের পরিচয় পাওয়া না গেলেও পরে নিহত জাহিদের বিষয়টি জানা যায়।

নিহতের ভগ্নীপতি রবিন হোসেন উজ্জ্বল জানান, জাহিদ কল্যাণপুরের মিজান টাওয়ারে একটি দোকানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। রাতে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে কৌতূহলবশত বাসা থেকে বের হন জাহিদ। ঠিক সেই সময় একটি ককটেল এসে তার মাথায় আঘাত হানে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ট্রমা সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংঘর্ষে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

This post was viewed: 55

আরো পড়ুন