Skip to main content

Ridge Bangla

কুখ্যাত ‘কেকে পার্ক’ দখলে নিল মিয়ানমার সেনাবাহিনী

থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত কুখ্যাত প্রতারণা চক্রের কেন্দ্র ‘কেকে পার্ক’ দখল করেছে মিয়ানমার সেনাবাহিনী। গত পাঁচ বছর ধরে অনলাইন প্রতারণা, অর্থপাচার ও মানবপাচারের জন্য কুখ্যাতি ছিল এই কেন্দ্রের।

বিবিসি নিউজের বরাতে জানা যায়, ওই প্রতারণা চক্রটি দীর্ঘদিন ধরে থাইল্যান্ড সীমান্তের মিয়াওয়াদ্দি শহরের দক্ষিণে অবস্থিত কম্পাউন্ডে হাজার হাজার মানুষকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দলে ভেড়াতো। পরে তাদের মাধ্যমে অনলাইন প্রতারণা পরিচালনা করতো। এর মাধ্যমে তারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে মিলিয়ন ডলার হাতিয়ে নিত।

মিয়ানমার সামরিক বাহিনী জানিয়েছে, তারা এখন মিয়াওয়াদ্দি অঞ্চলের চারপাশে নিয়ন্ত্রণ জোরদার করছে। এই অঞ্চলটি থাইল্যান্ডের সঙ্গে তাদের প্রধান বাণিজ্যিক পথ। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটি গৃহযুদ্ধে জর্জরিত। সেনাবাহিনী ডিসেম্বর থেকে পরিকল্পিত নির্বাচনের জন্য আরও এলাকা পুনর্দখলের চেষ্টা চালাচ্ছে, যদিও বিরোধীরা এই নির্বাচনকে ‘ভণ্ডামি’ বলে প্রত্যাখ্যান করেছে।

কেকে পার্ক ২০২০ সালে কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এবং হংকংয়ের হুয়ান্যা ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানির যৌথ উদ্যোগে গড়ে ওঠে। গবেষকরা বলছেন, হুয়ান্যার সঙ্গে চীনের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ওয়ান কুওক কয়, অর্থাৎ ‘ব্রোকেন টুথ’-এর যোগসূত্র রয়েছে।

কেন্দ্রটি থেকে পালিয়ে আসা অনেকেই জানিয়েছেন, সেখানে বন্দিদের নির্যাতন, দীর্ঘসময় কাজ করানো এবং কোটা পূরণ না করতে পারলে নিয়মিত মারধর করা হতো।

This post was viewed: 70

আরো পড়ুন