Skip to main content

Ridge Bangla

এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে বিএনপির একাত্মতা, ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান

বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশে উপস্থিত হয়ে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ সংহতির ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, “ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবির সঙ্গে একমত হয়েছে। তবে ২০ শতাংশ বাড়িভাড়ার দাবি এখনো পূরণ হয়নি। ৫ শতাংশ বাড়িভাড়া কোনোভাবেই পর্যাপ্ত নয়, বিষয়টি বিশেষ বিবেচনায় দেখা উচিত।”

শিক্ষকদের নয় দিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে এ্যানি বলেন, “এমন কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায়। সরকার এখনই শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিক।”

বিএনপি নেতা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের দাবির প্রতি নীতিগতভাবে সমর্থন জানিয়েছেন। তিনি আগে থেকেই ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের পূর্ণ জাতীয়করণ করা হবে।

এ্যানি বলেন, “এটি কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি কমিটমেন্ট। শিক্ষকদের মর্যাদার স্থানে ফিরিয়ে আনতে হবে। তারা জাতির আলোকবর্তিকা—তাদের জীবন-জীবিকা নিয়ে অবহেলা করা যায় না।”

This post was viewed: 64

আরো পড়ুন