Skip to main content

Ridge Bangla

দুর্গাপুরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই, আহত ১ জন

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ ধনঞ্জয় সাহার বাড়িতে আগুন লাগলে মুহূর্তের মধ্যেই তা পাশের গোবিন্দ সাহার ঘরেও ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহার ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়, আর পার্শ্ববর্তী সঞ্জয় সরকারের বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দুই পরিবারের সব আসবাবপত্র, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী আগুনে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে এক ব্যক্তি সামান্য আহত হন বলে জানা গেছে। আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মঞ্জুর ফরাজী জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৯ লক্ষ টাকার বেশি হতে পারে।”

এদিকে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দেন।

This post was viewed: 61

আরো পড়ুন