দেশের বিভিন্ন স্থানে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা মানুষের মনে গভীর উদ্বেগ ও প্রশ্ন তৈরি করেছে। বিচ্ছিন্নভাবে আগুন লাগতে পারে, কিন্তু যখন এ ধরনের ঘটনা ধারাবাহিকভাবে ঘটে, তখন স্পষ্ট হয় এর পেছনে কোনো অশুভ শক্তির কালো হাত কাজ করছে।
সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশে ও দেশের বাইরে কিছু শক্তি সক্রিয় রয়েছে যারা দেখাতে চায়, ‘হাসিনাবিহীন বাংলাদেশ টিকে থাকতে পারে না।’ এসব আগুন ও বিশৃঙ্খলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তিনি আরও বলেন, এসব নাশকতা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, তবে সরকারকে এসব ঘটনার পেছনের কারণ খুঁজে বের করতে হবে।
পিআর পদ্ধতি নিয়ে রিজভী বলেন, দেশের মানুষ পিআর বুঝে না, আমরাও বুঝি না। এখন যারা পিআর নিয়ে কথা বলছেন, তারা এক-দুই বছর আগেও কিছু বলেননি। এটি জনগণকে বিভ্রান্ত করার একটি কৌশল। জনগণ তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে চায়, এলাকাভিত্তিক এমপিকেই তারা চেনে ও নির্বাচিত করতে চায়।