কয়েক দিন ধরে রাজধানীসহ সারাদেশে তাপমাত্রা বেড়ে চরম গরম পরিস্থিতি বিরাজ করছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত এই গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। এরপরই দেশজুড়ে দেখা দিতে পারে প্রবল বৃষ্টিপাত, কারণ বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’।
সোমবার (২০ অক্টোবর) আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘আঁখি’ নামের এই বৃষ্টিবলয়টি অত্যন্ত শক্তিশালী। এর প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে কমবেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
বিডব্লিউওটি জানিয়েছে, বৃষ্টিবলয় ‘আঁখি’র সক্রিয়তা ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত স্থায়ী হতে পারে।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে।
এ পরিস্থিতিতে, মঙ্গলবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে গরম আবহাওয়া অব্যাহত থাকলেও বুধবার থেকে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে, যা ‘আঁখি’ বৃষ্টিবলয়ের প্রভাবে আরও তীব্র আকার ধারণ করতে পারে।